একটু ভাবুন তো, এমন একজন রাজা, যার কাছে রয়েছে মণি-মুক্তা খচিত ভবন, সুখী-সমৃদ্ধ সম্রাজ্য, যার সামনে বড় বড় রাজা-মহারাজাও তুচ্ছ বলে মনে হয়, যার একটু মৃদু হাসির দর্শন পাওয়ার জন্য মানুষ জন্ম-জন্মান্তর প্রতীক্ষা করতে প্রস্তুত, সেই রাজা তার রত্নখচিত সিংহাসন ছেড়ে, মাথার বহুমূল্য মুকুট ছুড়ে ফেলে, পাদুকাযুগলের দিকে ভ্রুক্ষেপ না করে রেখে নগ্ন পায়ে ছুটে যাচ্ছেন রাজপ্রাসাদের বাইরে।
তবে এই রাজা কোন মহাবীর সেনার কাছে ছুটে যাচ্ছেন না, কোন রাজা-মহারাজার কাছে না, কোন দিগবিজয়ী বীরপুরুষের কাছে না, কোন মহান অতিথির জন্যও না। তিনি ছুটছেন এমন এক অতি সাধারন মানুষের কাছে যার পরণে রয়েছে শতছিন্ন নোংরা পোশাক, যার রক্তাক্ত-নগ্ন পায়ে বিঁধে আছে অজস্র কাঁটা এবং যার পুটলিতে রয়েছে একমুঠো শুকনো চিড়ে।
হ্যাঁ শুনতে কিছুটা গল্পের মত শোনালেও, এটি কোন গল্পকারের কল্পনা নয়। এ হছে এমন এক চিরন্তন মিত্রতার কাহিনী যা শুনে আজ হাজার হাজার বছর পরেও মানুষের হৃদয় ভারী হয়ে আসে, চোখে চলে আসে জল। আর এই কাহিনী হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও তার বাল্যকালের সতীর্থ সুদামার কাহিনী।
এদেশের আবাল-বৃদ্ধ-বণিতা অজস্রবার অজস্রভাবে শুনে থাকেন এই মানবাত্মা ও দিব্যাত্মার মধুর মিত্রতার কাহিনী। কিন্তু এই কাহিনী শোনার সময় প্রতিবারই যেন কাহিনীটিকে নতুন বলে মনে হয়, প্রতিবারই ভক্তিরসে পূর্ণ হয় মন, এবং প্রতিবারই ভগবান শ্রীকৃষ্ণের প্রেমবন্ধনে আবদ্ধ হতে চায় জড়বদ্ধ জীব। আসুন আজ আরও একবার আরেকটু অন্যভাবে শ্রবণ করা যাক ত্রিভূবনের সর্বময় ক্ষমতার অধিকারীর সাথে এক অতি দরিদ্র ও ছিন্নমূল ব্রাহ্মণের মিত্রতা ও ভালোবাসার কাহিনী। আর এই ভক্তিরসের সাগরে অবগাহন করার সময় কমেন্টে অন্তত একবার ভগবান শ্রীকৃষ্ণের নামটি লিখে যাবেন।
এ এক এমন সময়ের কাহিনী যখন না কোনো রাজা ছিল, না কোনো দরিদ্র ব্রাহ্মণ, না কোনো দ্বারকা, না কোনো কুঁড়েঘর। ছিল শুধু দুটি শিশু এবং একটি গুরুকুল যেখানে এই চিরন্তন মিত্রতার ভিত্তি স্থাপিত হয়েছিল।
উজ্জয়িনীর নিকটে ঘন জঙ্গল পরিবেষ্টিত পরিবেশে ছিল ঋষি সন্দীপনির আশ্রম। আর এই আশ্রমের এক কোণে গুরুকুল প্রতিষ্ঠা করে শিশুদেরকে শিক্ষাদান করতেন ঋষি সন্দীপনি। তাঁর এই আশ্রমে কোন রাজকুমার ছিলনা, কেউ দরিদ্র ব্রাহ্মণপুত্রও ছিল না, ছিল শুধু সাধারণ বিদ্যার্থী। এরা সবাই একসাথে গুরুর নিকট বসে বিদ্যাশিক্ষা করত, একসাথে ভিক্ষা সংগ্রহ করতে যেত, একসাথে অন্নগ্রহণ করত এবং একসাথে ঘুমিয়ে পড়ত।
ঋষি সন্দীপনির এই আশ্রমে বিদ্যাশিক্ষা অর্জন করতে এসেছিলেন যদুবংশীয় শ্রীকৃষ্ণ ও বলরাম। ঠিক সেই সময় অতি দরিদ্র এক ব্রাহ্মণের সন্তান সুদামাও এসেছিলেন এই একই গুরুগৃহে। তবে সুদামা দরিদ্র ব্রাহ্মণের সন্তান হলেও তিনি ছিলেন তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন, ব্রহ্মজ্ঞানী, মেধাবী ও আন্তরিকতায় পরিপূর্ণ একটি শিশু। অন্যদিকে, শ্রীকৃষ্ণ স্বভাবগতভাবেই ছিলেন চঞ্চল, এবং এই চঞ্চলতা ও দুষ্টুমি তিনি সঙ্গে নিয়ে এসেছিলেন সুদূর গোকুল থেকে।
আশ্রমের এই শিশুদের কাজ ছিল গুরুদেবের কাছ থেকে বিদ্যা অর্জন করা, গুরুমাতার জন্য রান্নার কাঠ জোগাড় করা, গরু চরানো, ভিক্ষান্ন সংগ্রহ করা এবং কিছু শিশুসুলভ দুষ্টুমি। তবে সুদামার স্বভাব ছিল অন্যান্য শিশুদের চেয়ে একটু আলাদা। তিনি ছিলেন শান্ত, গম্ভীর, গুরুদেব ও গুরুমাতার প্রতি সম্পূর্ণ সমর্পিত এবং বিদ্যাশিক্ষায় অত্যন্ত মনযোগী।
তবে শ্রীকৃষ্ণ ও সুদামার মধ্যে স্বভাবগত কিছু পার্থক্য থাকলেও গুরুকুলে থাকাকালীন এই দুজনের মধ্যে গড়ে ওঠে এক দিব্য মিত্রতা। শ্রীকৃষ্ণ যখন তাঁর দুষ্টুমির কারণে গুরুদেবের কাছে শাস্তি পেতেন তখন সুদামা কোন অপরাধ না করেও সেই শাস্তি মাথা পেতে নিতেন। তাঁরা একই পাত্রে ভোজন করতেন, একই বিছানায় ঘুমাতেন এবং হরিহর আত্মার মত একসাথে থাকতেন সর্বদা।
তো একদা গুরুমাতা এই দুই শিশুকে পাঠালেন জঙ্গল থেকে রান্নার কাঠ সংগ্রহ করে আনার জন্য। যাওয়ার সময় গুরুমাতা একটি পুটলিতে কিছু ভাজা ছোলা তাদেরকে দিয়ে পাঠালেন যাতে রাস্তায় ক্ষুধা পেলে তাঁরা খেতে পারে।
যাইহোক, জঙ্গলে শুকনো কাঠ কুড়াতে কুড়াতে এই দুই শিশু প্রবেশ করলেন জঙ্গলের গহীনে। ধীরে ধীরে সকাল গড়িয়ে দুপুর এবং দুপুর গড়িয়ে সন্ধ্যা আসন্ন হয়ে পড়ল, গুরুগৃহে ফিরে যেতে হবে এবার। কিন্তু বিধি বাম, আচমকাই ঘন কালো মেঘে ঢেকে গেল আকাশ, বাতাসের শো শো শব্দে জঙ্গলের মধ্যে শুরু হল এক ভয়ংকর পরিবেশ। আর নিমেষের মধ্যেই শুরু হল তুমুল ঝড়-বৃষ্টি এবং গগনবিদারী বজ্রপাত। আপাতত, একটি বড় বৃক্ষের কাণ্ডের মধ্যে আশ্রয় নিল শিশু দুটি। তাঁদের ইচ্ছা, ঝড়-বৃষ্টি থামলে তাঁরা গুরুগৃহের দিকে রওনা দেবে। কিন্তু ঝড়-বৃষ্টি থামলে তো? এক প্রহর পেরিয়ে গেলেও ঝড়-বৃষ্টি থামার কোন নামগন্ধও নেই। এদিকে নিকষ কালো অন্ধকারকে সঙ্গে নিয়ে সন্ধ্যা নেমেছে জঙ্গলে। তাই সেই বৃক্ষের কাণ্ডের মধ্যে বসে রাতটুকু কাটিয়ে দেওয়া ছাড়া আর কোন উপায় রইল না তাঁদের। সারারাত ধরে চলতে লাগল প্রকৃতির সেই তাণ্ডব। আর সেই সাথে বন্য-হিংস্র জীব-জন্তুদের হাড় হিম করা গর্জন।
এভাবে ঝড়-জলে ভিজে এবং ঠাণ্ডায় কাঁপতে কাঁপতে ঘুটঘুটে অন্ধকার রাত কাটতে থাকে শিশু দুটির। হঠাৎ কৃষ্ণ সুদামাকে বলল, “সখা, গুরুমাতা একটি পুটলিতে আমাদের জন্য যে ভোজন দিয়েছিলেন সেটি কোথায়? আমার খুব ক্ষুধা পেয়েছে।” কিন্তু সুদামা বিষয়টিকে এমনভাবে অস্বীকার করলেন যেন গুরুমাতা তাঁদের ভোজন করার জন্য কিছুই দেন নি। প্রশ্ন হচ্ছে, শিশু সুদামা শ্রীকৃষ্ণের এত ঘনিষ্ঠ মিত্র হয়েও কেন সামান্য ভাজা ছোলা মিত্রের সাথে ভাগ করে খেতে পারলেন না?
আর এখানেই রয়েছে আরও এক অজানা কাহিনী। সন্দিপনি মুনির আশ্রমের অদূরে এক বৃদ্ধা বাস করতেন। তিনি ছিলেন অতিশয় গরীব এবং সহায়-সম্বলহীন বিধবা। একদিন সেই বিধবার বাড়িতে একটি চোর প্রবেশ করে একটি পুটলি দেখতে পায়। এবং সেই পুটলিতে মূল্যবান কিছু আছে ভেবে চোর সেটিকে চুরি করে নিয়ে যায়। কিন্তু বাস্তবে, ওই পুটলিতে কিছু ভাজা ছোলা ছাড়া আর কিছুই ছিল না। আর এই ভাজা ছোলাগুলোই ছিল বৃদ্ধার একমাত্র আহার্য। তাই বৃদ্ধা যখন বুঝতে পারলেন তাঁর আহারের জন্য রাখা ছোলাগুলো চুরি হয়ে গেছে, তখন তিনি এক ভয়ংকর অভিশাপ দিয়েছিলেন। তাঁর অভিশাপ ছিল, যে বা যারা এই ছোলাগুলো ভোজন করবে তাঁরা সারাজীবন ঘোর দারিদ্র্যতার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করবে। এদিকে চোরটি যখন পুটলিটি খুলে ভাজা ছোলা ছাড়া আর কিছুই দেখতে পেল না, তখন সে আবার পুটলিটি বেধে তা ছুড়ে দিয়ে গেল সন্দিপনি মুনির আশ্রমের দিকে। আর সন্দিপনি মুনির পত্নী সেটিকে কোন দান বা দক্ষিণা ভেবে রেখে দিয়েছিয়েছিলেন গুরুকুলের ভোজনালয়ে। আর সেদিন যখন শ্রীকৃষ্ণ ও সুদামা জঙ্গলে কাঠ কুড়াতে গিয়েছিলেন তখন গুরুমাতা সেই অভিশাপ সম্পর্কে না জেনে এবং স্নেহের বশবর্তী হয়ে পুটলিটি তুলে দিয়েছিলেন শিশু দুটির হাতে।
কিন্তু ব্রহ্মজ্ঞানী সুদামা পুটলিটি স্পর্শমাত্রই বুঝতে পেরেছিলেন, এই পুটলির সাথে জড়িয়ে আছে এক বৃদ্ধার কঠিন অভিশাপ। তাই তিনি চাননি তাঁর পরম মিত্র এই ভাজা ছোলা ভোজন করে তাঁর সারা জীবন কঠোর দরিদ্রতার মধ্য দিয়ে অতিবাহিত করুক। আবার গুরুমাতার আজ্ঞার কথা চিন্তা করে তিনি পুটলিটি ফেলে দিতেও পারেন নি। কারন গুরুমাতা আজ্ঞা দিয়েছিলেন ক্ষুধা পেলে যেন তাঁরা পুটলির খাবারগুলো খায়।
অগত্যা সুদামা অন্ধকারের মধ্যে একাই সেই ভাজা ছোলা গুলো মুঠো পুরে খেতে লাগল। ছোলাগুলো খাওয়ার সময় সুদামার মুখ থেকে যে কট কট শব্দ হচ্ছিল তা শুনে শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করলেন, “সখা, তুমি যে বললে, গুরুমাতা আমাদের খাওয়ার জন্য কিছুই দেন নি, তাহলে তুমি কি খাচ্ছ?” উত্তরে সুদামা বললেন, “সখা, আমি কিছুই খাচ্ছি না, ঠাণ্ডায় কাঁপতে কাঁপতে আমার দাত থেকে এই শব্দ হচ্ছে। তুমি বরং ঘুমিয়ে পড়ো, সকাল হলে আমরা গুরুগৃহে ফিরে যাবো।”
এরপর শ্রীকৃষ্ণ নিদ্রা গেলেন আর সুদামা ভক্ষণ করলেন তাঁর সারা জীবনের দারিদ্রতার অভিশাপ। সকাল হতেই তাঁরা ফিরে এলেন গুরুগৃহে, সেখানে চলতে লাগল তাঁদের বিদ্যাশিক্ষা আর মিত্রতা।
সময় বয়ে চলল। গুরুগৃহে গুরু সন্দিপনি কর্তৃক চলতে লাগল কৃষ্ণ-সুদামা সহ অন্যান্য বিদ্যার্থীদের শিক্ষাদান। আর এভাবেই একদিন শেষ হয়ে এলো তাঁদের বিদ্যার্জনের পর্ব। চলে এলো সেই বিচ্ছেদের ক্ষণ। শ্রীকৃষ্ণ ফিরে গেলেন মথুরায়, শুরু করলেন তাঁর নানান লীলা, অসুর বধ, মহাভারত লীলা এবং রাজত্ব করতে লাগলেন দ্বারকায়।
অন্যদিকে সুদামা ফিরে গেলেন তাঁর জীর্ণ কুটিরে। সেখানে কঠিন থেকে কঠিনতর দারিদ্রতা, তীব্র অভাব, ক্ষুধা, অনাহার, ভিক্ষা আর সামাজিক অপমান নিত্য সঙ্গী হল তাঁর। তবুও সুদামার কোন দুঃখ ছিল না। কুড়েঘরে বসে শাস্ত্র অধ্যয়ন করে এবং ভিক্ষান্ন সংগ্রহ করে স্ত্রী সন্তানদের নিয়ে চলতে লাগলো তাঁর জীবন। তিনি প্রতিদিন মাত্র ৫ ঘরে ভিক্ষা চাইতে যেতেন। কেউ ভিক্ষা দিতেন আবার কেউবা অপমান করে তাড়িয়ে দিতেন। যেদিন ভিক্ষা জুটতো, সেদিন গোমাতাকে কিছুটা অর্পন করে, কিছুটা দিয়ে অতিথিকে সৎকার করে এবং শ্রীভগবানকে কিছুটা ভিক্ষান্ন অর্পণ করার পর যা থাকতো তাই দিয়ে জঠর জ্বালা নিবারণ করতেন সুদামা ও তাঁর স্ত্রী সন্তানেরা। আর যেদিন ভিক্ষা জুটতো না সেদিন স্ত্রী -সন্তানদেরকে নিয়ে অনাহারে বা জলপান করে কেটে যেত দিন। এতবড় বেদজ্ঞানী ব্রাহ্মণকে নিজের চোখে দেখতে হত ক্ষুধায় কাতর স্ত্রীর মলিন মুখ এবং অনাহারে ক্রন্দনরত শিশু সন্তানদের চোখের জল।
তবে এত কিছুর মাঝখানেও ভগবান শ্রীকৃষ্ণের কোন লীলার কথা কানে এলেই যেন সমস্ত কষ্ট মুছে যেত তাঁর। শ্রীকৃষ্ণ কোন অসুরকে বধ করলেন, সুদামা হাসলেন। শ্রীকৃষ্ণ দ্বারকার রাজা হলেন, সুদামা হাসলেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার বাণী উপহার দিলেন, সুদামা হাসলেন। তিনি ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে গর্ব করতেন যে, তিনি একইসাথে ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আবার পরম মিত্র।
কিন্তু এভাবে আর কতদিন? সুদামা এবং তাঁর স্ত্রী সন্তানদের পরনে থাকতো শতছিন্ন নোংরা এবং ময়লা পোশাক। শরীর ছিল কঙ্কালসার এবং মাথা গোজার ঠাইটুকুও জরাজীর্ণ হয়ে পড়েছিল তাঁদের। ঝড় বাদল আসলে কুড়েঘরে বসে পরিবার সহ ভিজে ঠান্ডায় কাঁপতেন তাঁরা।
সুদামার স্ত্রী ছিলেন সুশীলা বা মতান্তরে বসুন্ধরা। তিনি জানতেন দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ সুদামার বাল্যকালের সখা। তাই তিনিও নানাভাবে, আকার-ইঙ্গিতে সুদামাকে শ্রীকৃষ্ণের কাছে সাহায্য চাইতে যেতে বলতেন। কিন্তু সুদামা কখনোই সুশীলার কথা কানে তোলেন নি। তিনি বলতেন, “যদি মিত্রতার মধ্যে স্বার্থ উপস্থিত হয় তাহলে সেটি আর মিত্রতা থাকে না; হয়ে যায় ব্যাপার।” অর্থাৎ, সুদামা অত্যন্ত গরীব হলেও আত্মসম্মান এবং নীতিবোধে ছিলেন অটল।
তারপর একদিন এল সেই রাত, যা সুদামার জীবনের দিশা চিরকালের জন্য বদলে দিল। সেদিন ঘরে উনুন জ্বলেনি। কারন সেদিন সারাদিন ভিক্ষায় কিছুই মেলেনি সুদামার। সুদামার অভুক্ত সন্তানেরা ক্ষুধার জ্বালায় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল। জেগে রইলেন সুদামা ও সুশীলা। তবে আজকের সুশীলা যেন একটু অন্যরকম। কঠিন দারিদ্রতার মধ্যেও যার ধৈর্যের বাঁধ ভাঙেনি, সেই সুশীলাই আজ যেন ভেতরে ভেতরে ভেঙে পড়েছেন। নিজেদের কঙ্কালসার দেহ, শরীরের শতছিন্ন পোশাক, ক্ষুধার জ্বালায় সন্তানদের কান্নাকাটি এবং মাথা গোঁজার ঠাইটুকুরও করুণ অবস্থা সুশীলাকে যেন আজ একটু আলাদাভাবে নাড়া দিয়েছে।
তিনি সেদিন একটু দৃঢ় কন্ঠে বললেন, “হে স্বামী, স্বয়ং দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ আপনার পরম মিত্র, শৈশবের সখা। শুধু তাই নয়, তিনি এই বিশ্বব্রহ্মাণ্ডের পরমেশ্বরও বটে। আপনি আত্মাভিমানের কারণে তাঁর কাছে সাহায্য চাইতে যেতে চান না, ভালো কথা। কিন্তু হে স্বামী, আপনার ধর্মপত্নী, আপনার অভুক্ত শিশু সন্তানদের প্রতিও কি আপনার কোন কর্তব্য নেই? যার মিত্র দ্বরকার রাজা, তাঁর স্ত্রীর পরনে ছেড়া পোশাক আর তাঁর সন্তানেরা ক্ষুধায় কাঁদতে কাঁদতে ঘুমাচ্ছে, এ কেমন নীতি? আপনার আত্মমর্যাদার কাছে আপনার স্ত্রীর সম্ভ্রম এবং সন্তানদের ক্ষুধা তুচ্ছ হয়ে গেল?
সুদামা কোনো উত্তর দিলেন না বটে। তবে সুশীলার কথা শুনে তাঁর অন্তরটা যেন আজ দুমড়ে-মুচড়ে গেল। সত্যিই তো, তাঁর আত্মসম্মানবোধের ফলে তাঁর স্ত্রী সন্তান কেন সীমাহীন যাতনা ভোগ করবে? তিনি একবার সুশীলার করুণ মুখমণ্ডলের দিকে তাকালেন আরেকবার তাকালেন অভুক্ত অবস্থায় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়া নিষ্পাপ শিশুগুলোর দিকে। মনে মনে ভাবলেন, আমি না হয় সেই অভিশপ্ত ভাজা ছোলা ভক্ষন করে আমার এই দুর্দশা ডেকে এনেছি। কিন্তু আমার পরম পবিত্রা, পতিব্রতা ধর্মপত্নীর কি অপরাধ? আর আমার এই শিশু সন্তানদেরই বা কি অপরাধ?
এসব ভাবতে ভাবতে, পরম ব্রহ্মজ্ঞানী ব্রাহ্মণ সুদামা যেন আজ হেরেই গেলেন। হেরে গেলেন একজন স্বামী হিসেবে, হেরে গেলেন একজন পিতা হিসেবে। এবং সবশেষে তিনি সিদ্ধান্ত নিয়েই বসলেন, তিনি দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের কাছে যাবেন, খুলে বলবেন তাঁর দুর্দশার কথা, অনাহারের কথা, দারিদ্রতার কথা আর মনের কোণে জমে থাকা এতদিনের সমস্ত ব্যাথা।
সুদামার এই সিদ্ধান্তে খুশি হলেন সুশীলা। তিনি ভোরের আলো ফুটতেই ঘুম থেকে ডেকে তুললেন সুদামাকে। তারপর প্রশ্ন করলেন, “হে স্বামী, এত বছর পরে আপনি আপনার পরম মিত্রের সাথে দেখা করতে যাচ্ছেন, কিন্তু সেখানে তো খালি হাতে যাওয়া চলে না। হতে পারে তিনি সর্বশক্তিমান, অনেক বিত্ত-বৈভব ও ঐশ্বর্যের মালিক। কিন্তু মিত্র হিসেবে কোন উপহার না নিয়ে যাওয়াটা কি ঠিক হবে?”
সুদামা বললেন, “শ্রীকৃষ্ণ মাখন খুব পছন্দ করতেন। কিন্তু…” এটুকু বলেই থেমে গেলেন সুদামা। সুশীলা স্বামীর মুখের দিকে তাকিয়ে বললেন, “দুঃখিত হবেন না স্বামী। আমি দেখছি কি করা যায়। আপনি স্নান করে প্রস্তুত হয়ে নিন, আমি ততক্ষনে দ্বারকাধীশের জন্য কোন উপহারের ব্যাবস্থা করছি।”
সুদামা স্নান শেষ করে এসে দেখতে পেলেন সুশীলা প্রতিবেশীর বাড়ি থেকে কিছু শুকনো চিড়ে চেয়ে এনেছেন। সেই চিড়েগুলো থেকে অর্ধেকটা সন্তানদের জন্য রেখে বাকি অর্ধেক একটি লাল কাপড়ের পুলটিতে বেঁধে সুদামার হাতে দিলেন তিনি। বললেন, “দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ অন্তর্যামী। তিনি নিশ্চই এগুলোকে সাধারণ শুকনো চিড়ে হিসেবে দেখবেন না। এগুলো স্পর্শ করলে তিনি তাঁর প্রতি আমার শ্রদ্ধাবোধ ও সমর্পণ অনুভব করবেন।”
সুদামা ভাবলেন, কোথায় সেই জাকজমকপূর্ণ দ্বারকার অধিপতি আর কোথায় এই এক পুটলি শুকনো চিড়ে। হয়ত দ্বারকার দরজায় দাঁড়িয়ে থাকা একজন সাধারন প্রহরীও এই চিড়েগুলোকে খাওয়ার যোগ্য মনে করবেন না। তবুও নিরুপায় হয়ে সেই চিড়ের পুটলিটি কোমরে বেঁধেই বেরিয়ে পড়লেন সুদামা। পরনে ছেড়া-নোংরা ধুতি, কাঁধে একটি ময়লা কাপড়ের ঝুলি, হাতে একটি লাঠি এবং মনের মধ্যে অজস্র মধুর স্মৃতি নিয়ে ছোট ধাপে পথ চলা শুরু করলেন সুদামা। তাঁর সামনে ছিল প্রায় ৩৫ ক্রোশ বন্ধুর পথ ও ২২ দিনের মর্মান্তিক পদযাত্রা। একে একে তাঁর সামনে এলো তপ্ত বালি, জ্বলন্ত দুপুর, তুমুল ঝড়-বৃষ্টি, এবং তীব্র রাত্রিকালীন ঠাণ্ডা। এভাবে বহু চড়াই-উৎরাই পার হয়ে সুদামা চললেন প্রিয় মিত্রের সাথে সাক্ষাৎ করতে। তপ্ত বালিতে তাঁর পায়ের পাতায় পড়ল ফোস্কা, পায়ের গোড়ালি ফেটে হল চৌচির, আর পায়ে বিঁধল অজস্র কাঁটা যা তাঁর পদযুগলকে করে তুললো রক্তাক্ত। সেই সাথে দূর্বল-জীর্ণ শরীরে ক্ষুধা-তৃষ্ণার পীড়া তো আছেই। তবুও সুদামার মুখে রইল কৃষ্ণের নাম আর মনে রইল প্রিয় মিত্রের সাক্ষাৎ পাওয়ার ব্যাকুলতা। আর এভাবেই, টলমল পায়ে, ক্ষুধা-তৃষ্ণায় কাতর এক নির্বল ব্রাহ্মণ ২২ দিনের পদযাত্রা শেষ করে একসময় পৌছেই গেলেন দ্বারকার দ্বারে। তবে যে পদযুগল বিগত ২২ দিন ধরে সমস্ত বাধা-প্রতিকূলতাকে উপেক্ষা করে নিরন্তর পথ চলেছে, সেই পা দুখানি দ্বারকায় এসেই যেন বার বার থেমে যেতে চাইল। মনের মধ্যে হীনমন্যতা নিয়ে সুদামা এবার ইতস্তত বোধ করতে লাগলেন।
সুদামার সামনে তখন বড়-বড় স্বর্ণ নির্মিত ভবন, রেশমী কাপড়ে সজ্জিত মানুষ আর একটু দূরে দেখা যাচ্ছে দ্বারকাধীশের অপূর্ব রাজপ্রাসাদ। দ্বারকা নগরীর এত বিত্ত-বৈভব দেখে মনের মধ্যে এক ভীষন ঝড় উঠল সুদামার। তিনি একবার নিজের দিকে তাকালেন আরেকবার তাকালেন স্বর্ণখচিত দ্বারকার দিকে। মনে মনে ভাবলেন, “এ কি সম্ভব? এত মহান এক রাজার মিত্র কিনা এক ছিন্নমূল ব্রাহ্মণ? শ্রীকৃষ্ণ কি আজ আমাকে চিনতে পারবেন? নাকি ভিখারী ভেবে তাড়িয়ে দেবেন? তাঁর দ্বাররক্ষীরাই বা কি আমাকে রাজদরবারে প্রবেশ করতে দেবে? কেউ কি বিশ্বাস করবে যে এই দরিদ্র ব্রাহ্মণ স্বয়ং দ্বারকাধীশ ব্রাহ্মণের বাল্যকালের সখা? সাধারণ মানুষের কথা না হয় বাদই দিলাম, স্বয়ং দ্বারকাধীশ কি বিশ্বাস করবেন আমাকে?”
কিছুক্ষণ পর মধ্যে মনকে একটু শক্ত করলেন সুদামা, এত দূর-প্রান্তর যখন পাড়ি দিয়েছেন তখন শেষটা দেখে যাবেন বলে স্থির করলেন তিনি।এরপর ধীর পায়ে আস্তে আস্তে এসে দাঁড়ালেন শ্রীকৃষ্ণের রাজপ্রাসাদের সামনে। দ্বাররক্ষীরা খেয়াল করলেন এত জীর্ণ কঙ্কালসার ব্রাহ্মণ ইতিউতি তাকাচ্ছেন। তাঁরা ভাবলেন সুদামা হয়ত কোন দক্ষিণা চাইতে বা কোন বিচার চাইতে রাজদরবারে এসেছেন। কিন্তু তাঁরা অবাক হলেন এই ভেবে যে, শ্রীকৃষ্ণের দ্বারকা রাজ্যে এত দরিদ্র ব্রাহ্মণ তো থাকার কথা নয়। এক পর্যায়ে এই দ্বাররক্ষীরা সুদামার কাছে তাঁর পরিচয় জিজ্ঞাসা করলেন এবং তাঁর আগমনের কারন জিজ্ঞাসা করলেন। সুদামা ইতস্তত কণ্ঠে বললেন, “আমি দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের বাল্যকালের সখা। আমি তাঁর সাথে সাক্ষাৎ করতে এসেছি।”
সুদামার উত্তর শুনে যেন আকাশ থেকে পড়লেন দ্বাররক্ষীরা। এই ছিন্ন পোশাকের দরিদ্র ব্রাহ্মণ স্বয়ং দারকাধীশের মিত্র? ক্ষণিকের মধ্যেই অট্টহাস্যের উদ্রেক হল সেই দ্বাররক্ষী ও অন্যান্য প্রহরীদের মধ্যে। আর সেই অট্টহাস্য যেন তীক্ষ্ণ শূল হয়ে বিঁধল সুদামার হৃদয়ে। হাসির রেশ কেটে যাওয়ার পর একজন দ্বাররক্ষী কিছুটা দয়াপরবশ হয়ে বললেন, “আপনি দাঁড়ান ব্রাহ্মণ দেবতা, আমি রাজদরবারে গিয়ে দ্বারকাধীশকে আপনার আগমনের কথা জানাচ্ছি।”
কিছুক্ষণের মধ্যেই দ্বাররক্ষী এসে হাসির হলেন ভগবান শ্রীকৃষ্ণের দরবারে। তিনি বললেন, “প্রভু, একজন ছেড়া-নোংড়া পোশাক পরিহিত, পাদুকা বিহীন দুর্বল ব্রাহ্মণ আপনার সাক্ষাৎপ্রার্থী হয়ে সিংহদ্বারে দাঁড়িয়ে আছেন।”
শ্রীকৃষ্ণ একটু হেয়ালী করে বললেন, “আমার দরজা আবার মানুষের জন্য বন্ধ হল কবে থেকে? কে সেই ব্রাহ্মণ? কি পরিচয় তাঁর?”
দ্বারপাল বললেন, “প্রভু তাঁর পরিচয় শুনেই আমাদের খটকা লেগেছে। আর সেকারনেই আমরা তাকে সিংহদ্বারে দাঁড় করিয়ে রেখেছি।”
শ্রীকৃষ্ণ আবারো সেই হেয়ালির সুরে বললেন, “তা কি পরিচয় দিয়েছেন সেই ব্রাহ্মণ? আমিও শুনি।”
দ্বারপাল বললেন, “প্রভু সেই ব্রাহ্মণ নিজেকে আপনার বাল্যকালের সখা হিসেবে পরিচয় দিয়েছেন। আর নাম বলেছেন সুদামা। আমি কি তাঁকে আপনার সম্মুখে হাজির করবো?”
এবার আর কোন কথা বলতে পারলেন না ভগবান শ্রীকৃষ্ণ। তাঁর সদা হাস্যোজ্জ্বল মুখ কেমন যেন ম্লান হয়ে গেল। ব্রহ্মাণ্ডের সমস্ত করুণা যেন এসে ভর করলো তাঁর আঁখিযুগলে। দীর্ঘদিনের বিরহ এসে যেন ভর করল তাঁর হৃদয়ে। কোন বহুমূল্য সম্পদ পাওয়ার আশায় যেন চঞ্চল হয়ে উঠলেন তিনি।
ভগবান শ্রীকৃষ্ণকে রাজা রূপে, যোদ্ধা রূপে, মন্ত্রক রূপে, বংশীধারী রূপে, রাখাল রূপে অনেকেই দেখেছেন। কিন্তু তাঁর সেদিনকার সে চেহারা কেউ কোনদিন দেখেননি। তিনি বিহ্বলের মত উঠে দাঁড়ালেন সিংহাসন থেকে, মাথার স্বর্ণমুকুট ছুড়ে ফেলে দিলেন এবং পাদুকাযুগলের দিকে ভ্রুক্ষেপ না করে উন্মাদের মত ছুটলেন সিংহদ্বারের দিকে। মুখে তাঁর তখন একটাই শব্দ “সুদামা… সুদামা…”
এদিকে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরেও রাজপ্রাসাদ থেকে কোন সংবাদ না আসায় সুদামা এবার ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক সেই সময়, যেন সেই বাল্যকালের মতই পিছুডাক শুনতে পেলেন তিনি “সুদামা… সুদামা…”
এরপর সেই মধুর আলিঙ্গন, সেই দীর্ঘ নিস্তব্ধতা। এক মুহূর্তের জন্য যেন মানবাত্মা ও দিব্যাত্মার সমস্ত কথার সম্ভার যেন শেষ হয়ে গিয়েছে। আর এতদিনের মনে কোণে জমে থাকা কথাগুলো যেন চোখের জল হয়ে বেরিয়ে আসছে এই দুই মহাপুরুষের।
আলিঙ্গন শেষে মহা আনন্দে সুদামার হাত ধরে অন্দরমহলের দিকে নিয়ে যেতে লাগলেন ভগবান শ্রীকৃষ্ণ। স্বয়ং ঈশ্বরেরও যে অপ্রাপ্তি থাকতে পারে এবং সেই অপ্রাপ্তি পূর্ণ হতে দীর্ঘ সময় লাগতে পারে তা যেন আজ শ্রীকৃষ্ণকে দেখেই বোঝা গেল। আজ তিনি এমন কিছু পেয়েছেন যার চেয়ে বড় সম্পদ যেন আর কিছু নেই। আর সমস্ত দ্বারকাবাসী এই মধুর মিলনের দৃশ্য দেখে আবেগে হলেন আপ্লুত।
এদিকে সুদামার আগমনের সংবাদ পৌছে গেল অন্দরমহলে। ভগবান শ্রীকৃষ্ণের অষ্টমহিষীগণ আগে থেকেই জানতেন শ্রীকৃষ্ণের বাল্যসখা সুদামার কথা। তাই তাঁরাও ব্যাস্ত হয়ে পড়লেন সুদামাকে স্বাগত জানানো, আপ্যায়ন, ও ভোজনের প্রস্তুতিতে।
অন্দরমহলে প্রবেশ করতেই একজন ভৃত্য সোনার থালা এবং জল নিয়ে এলেন সুদামার পা ধুইয়ে দেওয়ার জন্য। তখন শ্রীকৃষ্ণ স্বয়ং সেই থালা ও জলের পাত্র নিজের হাতে নিলেন এবং সুদামাকে সিংহাসনে বসিয়ে নিজ হাতে তাঁর পা ধুয়ে দিতে লাগলেন। তখন পর্যন্ত তাঁদের মুখে কোন কথাই নেই। শুধু চোখের জলে বুক ভেসে যাচ্ছে সুদামা ও শ্রীকৃষ্ণের। ভগবান শ্রীকৃষ্ণ তাঁর কোমল হাত দিয়ে সুদামার কাঁটাবিদ্ধ, ফাটা ও রক্তাক্ত চরণ ধৌত করতে লাগলেন আর একটি একটি করে কাঁটা তুলে ফেলতে লাগলেন। আর সুদামার পায়ের নিচে রাখা থালাটি যতটা না পা ধোয়া জলে পরিপূর্ণ হল তাঁর চেয়ে বেশী পরিপূর্ণ হল সুদামার চোখের জলে। এরপর সুদামা যখন স্নান সেরে ফিরলেন, তখন শ্রীকৃষ্ণ তাঁকে উপহার দিলেন নতুন বস্ত্র এবং তাঁর মহিষীগণ সুদামাকে পরম যত্নে মধ্যাহ্ন ভোজন করালেন।
এরপর এল শ্রীকৃষ্ণ ও সুদামার একান্ত সময়। বহুদিন পর একজন আরেকজনকে পেয়ে যেন কথার ফুলঝুরি ছুটতে লাগলো তাঁদের মুখে। তাঁরা একসাথে ডুব দিলেন বাল্যকালের স্মৃতিতে, একসাথে হাসলেন, একসাথে কাঁদলেন আর নয়ন ভরে দেখলেন একজন আরেকজনকে। এর মধ্যে শ্রীকৃষ্ণ বারবার সুদামাকে জিজ্ঞাসা করতে লাগলেন। “বন্ধু, দেবী সুশীলা ভালো আছেন তো? পুত্র-পুত্রীগণ ভালো আছে তো? তোমার কোন কষ্ট নেই তো?”
আসলে অন্তর্যামী শ্রীকৃষ্ণ সবকিছু জেনেও সখার অপমান হবে জেনে নিজে থেকে কোন সাহায্যের প্রস্তাব দেন নি। বরং তিনি বারংবার ভালোবেসে জিজ্ঞাসা করেছেন সুদামা কোন কষ্ট ভোগ করছেন কিনা। কিন্তু বাল্যসখার সাথে এতদিন পরে দেখা, এত মধুর স্মৃতিচারণ, এত স্বর্গীয় অনুভুতির মাঝে স্বার্থের একটি ফোঁটাও মেশাতে চাননি সুদামা। তাই যতবারই শ্রীকৃষ্ণ সুদামার পরিবারের কুশল জিজ্ঞাসা করেছেন ততবারই সুদামা এড়িয়ে গিয়েছেন অন্য কোন প্রসঙ্গ টেনে।
এদিকে শ্রীকৃষ্ণও নাছোড়বান্দা তিনিও যেকোনভাবে সুদামার দুরবস্থার কথা সুদামার মুখ থেকেই আদায় করার চেষ্টা করছিলেন। এমন সময় শ্রীকৃষ্ণের চোখ পড়ল সুদামার কোমরে বাঁধা ছোট্ট একটি লাল পুটলির দিকে। আর শ্রীকৃষ্ণের দৃষ্টি পড়েছে বুঝতে পেরে সুদামাও পুটলিটিকে যথাসম্ভব গোপন করার চেষ্টা করতে লাগলেন। শ্রীকৃষ্ণ বললেন, “মিত্র, তোমার ঐ পুটলিতে কি এনেছ? নিশ্চই দেবী সুশীলা ভালোবেসে আমার জন্য কোন অমৃতসম খাবার পাঠিয়েছেন। ওটা আমাকে দাও।” সুদামা এবার আসলেই ঘাবড়ে গেলেন। তিনি প্রাণপণ চেষ্টা করলেন পুটলিটি যেন শ্রীকৃষ্ণের হাতে যেন না যায়। কারন এত বিত্ত-বৈভবের মালিকের হাতে এই শুকনো চিড়ে গেলে তা তাঁর অপমান ছাড়া আর কিছুই নয়। কিন্তু শ্রীকৃষ্ণ মেতে উঠলেন শিশুসুলভ দুষ্টুমিতে, তিনি সুদামার উপরে ঝাপিয়ে পড়ে একপ্রকার ছিনিয়েই নিলেন সেই পুটলিটি। আর যখন পুটলিটি যখন হাতছাড়া হয়ে গেল তখন সুদামা বিমর্ষ বদনে তাকিয়ে রইলেন শ্রীকৃষ্ণের দিকে। তাঁর চোখে মুখে দেখা দিল অসীম হতাশা আর লজ্জা।
কিন্তু শ্রীকৃষ্ণের সেদিকে কোন ভ্রুক্ষেপই নেই। তিনি মহানন্দে খুলে ফেললেন সেই পুটলিটি। পুটলি খুলে তিনি দেখতে পেলেন সেখানে রয়েছে কিছু শুকনো চিড়ে। বললেন, “আমি জানতাম, দেবী সুশীলা আমার জন্য আমার জন্য কোন না কোন অমৃতসম সুখাদ্য অবশ্যই পাঠাবেন।” এই বলে তিনি দীর্ঘদিনের অভুক্তের মত একমুঠো চিড়ে হাতে নিয়ে নিজের মুখে পুরে দিলেন। তাঁর অভিব্যাক্তি দেখে মনে হল যেন তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে সুস্বাদু খাদ্য ভোজন করছেন। অভুক্তের মত প্রথম গ্রাস শেষ করে আরও এক গ্রাস চিড়ে নিয়ে তিনি আবারও মুখে পুরে চোখ বুজলেন। সুদামা নির্বাক হয়ে দেখতে লাগলেন শ্রীকৃষ্ণের শিশুসুলভ কাণ্ডকারখানা। তাঁর আনা স্বাদহীন, গন্ধহীন সামান্য শুকনো চিড়ে তাঁর মিত্র এমনভাবে খাচ্ছেন যেন তা রাজভোগের চেয়ে শ্রেষ্ঠ।
ইতিমধ্যে শ্রীকৃষ্ণ তাঁর ২য় গ্রাস শেষ করে ৩য় গ্রাস খাওয়ার জন্য হাত বাড়ালেন পুটলিটির দিকে। ঠিক এমন সময় দেবী রুক্মিণী এসে হাত ধরে ফেলেন শ্রীকৃষ্ণের। তিনি বললেন, “হে প্রভু, আপনার অর্ধাঙ্গিনী হিসেবে সুশীলা দেবীর পাঠানো অমৃতে আমাদেরও অধিকার রয়েছে। আপনি আমাদেরকে এই অমৃত আস্বাদন করা থেকে বঞ্চিত করতে পারেন না।” শ্রীকৃষ্ণ বললেন, “বেশ, তাহলে তাই হোক।” এই বলে চিড়ের পুটলিটি তিনি এগিয়ে দিলেন মাতা রুক্মিণীর দিকে।
এভাবে দ্বারকার রাজভবনে বেশ কিছুদিন কেটে গেল সুদামার। এর মধ্যেও শ্রীকৃষ্ণ বারংবার সুদামার কাছে জিজ্ঞাসা করেছেন তিনি সুদামার কোন উপকারে আসতে পারেন কিনা। এবং বরাবরের মতই সুদামা শ্রীকৃষ্ণের কাছে নিজের দরিদ্রতার কথা, অনাহারের কথা, বিমর্ষ স্ত্রীর কথা, অভুক্ত শিশু সন্তানদের কথা, মাথা গোঁজার ঠাইটুকুর কথা কিছুই বলতে পারেন নি।
অবশেষে এলো বিদায় নেওয়ার ক্ষণ। এক’টা দিন শ্রীকৃষ্ণ ও সুদামার কিভাবে কেটে গিয়েছে তা বুঝতেও পারেননি তাঁরা। শ্রীকৃষ্ণ বারবার চেষ্টা করছিলেন সুদামাকে আরও কিছুটাদিন আটকে রাখতে। কিন্তু অভুক্ত স্ত্রী সন্তানদের কথা ভেবে বিচলিত হয়ে পড়েছিলেন সুদামা। তাই শ্রীকৃষ্ণের এত চেষ্টাকে ব্যার্থ করে দিয়ে গৃহপানে রওনা দিলেন সুদামা। আর যেহেতু সুদামা শ্রীকৃষ্ণের কাছে কিছুই চাইতে পারেননি তাই বিদায় বেলায় শ্রীকৃষ্ণও তাঁকে কিছু দিতে পারেন নি।
সামনে এগিয়ে চললেন সুদামা। তাঁর সামনে আবার সেই ৩৫ ক্রোশ রাস্তা, ২২ দিনের পদযাত্রা, পরণে সেই ছেড়া-ময়লা পোশাক এবং সেই খালি পা। তবে মিত্রের কাছে চাইতে এসেও কিছু না চাইতে পেরেও কোন দুঃখ ছিল না সুদামার।
বরং তাঁর হৃদয় ভরে উঠেছিল তাঁর প্রতি ভগবান শ্রীকৃষ্ণের অপার ভালোবাসায়, গুরুকুলের স্মৃতিচারনায় এবং পরম মিত্রের সেই আলিঙ্গনের উষ্ণতায়। পথ চলতে চলতে তিনি বারবার ভাবতে থাকলেন, “আমি কিছুই চাইনি। তবুও যেন সবকিছু পাওয়া গেছে। শ্রীকৃষ্ণের সেই হাসি, সেই দুষ্টুমি, সেই বন্ধুবাৎসল্য, এর বেশী কারও আর কি বা পাওয়ার থাকতে পারে?”
আশ্চর্যের ব্যাপার হচ্ছে দ্বারকায় যাওয়ার পথে যে তীব্র পীড়া তিনি অনুভব করেছিলেন, ফেরার সময় সেই একই রাস্তা যেন হয়ে গেছে সুশীতল, মসৃন এবং ছায়াময়। আর সেই পথ ধরে চলতে চলতে ধীরে ধীরে সুদামা এসে পড়লেন তাঁর গায়ে। তবে আজ যেন গায়ের লোকের চাহনি একটু অন্যরকম মনে হল। গ্রামবাসীরা যে সুদামাকে তাচ্ছিল্য করতেন, অপমান করতেন সেই গ্রামবাসীদের চোখেই যেন কিছুটা সম্মান দেখা যাচ্ছে আজ। কিন্তু কেন?
এই “কেন?” প্রশ্নের উত্তর সুদামা পেলেন তাঁর নিজ গৃহের সামনে দাঁড়িয়ে। তিনি দেখতে পেলেন তাঁর সেই জীর্ণ কুটির আজ পরিণত হয়েছে সুবিশাল স্বর্ণখচিত রাজপ্রাসাদে। সাথে রয়েছে সুদৃশ্য ফুল বাগিচা, ফল গাছের বাগান, বহমান জলাশয়। আর কিছুক্ষণের মধ্যেই সেই রাজপ্রাসাদ থেকে সুদৃশ্য পোশাক পরে দৌড়ে বেরিয়ে এলেন সুশীলা ও তাঁর শিশু সন্তানেরা। সুশীলা কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, “হে স্বামী, স্বয়ং দ্বারকাধীশের নির্দেশে দেবশিল্পী বিশ্বকর্মা আমাদেরকে এই সুন্দর ভবন নির্মান করে দিয়ে গিয়েছেন।”
বিষ্ময়ের আতিশয্যে সুদামা কোন কথাই বলতে পারলেন না। শুধু মনে মনে ভাবলেন, “হে কানাই, গুরুকুলে তোমাকে না জানিয়ে আমি তোমার ভাগের অভিশাপ ভক্ষণ করেছিলাম বলে আজ তুমি আমাকে না জানিয়েই আমাকে এই রাজসুখ দান করলে। সত্যিই তুমি মহান। তোমাকে দেওয়া এক পুটলি তুচ্ছ চিড়েও যে এত বড় হয়ে ফিরে আসবে তা ছিল আমার কল্পনাতীত।”
এই কাহিনীর মূল শিক্ষা হচ্ছে, প্রকৃত বন্ধুত্ব কোন ধনী-গরীব, উচু-নিচু, বা স্বার্থের ধার ধারে না। আর ঈশ্বর আমাদের প্রকৃত পরম মিত্র তাঁকে আপনি ভালোবেসে ভক্তি করে আপনার সামর্থ্য অনুযায়ী যত তুচ্ছ কিছুই নিবেদন করুন না কেন তিনি তা সানন্দে গ্রহন করেন।
ভগবান শ্রীকৃষ্ণ ও সুদামার এই কাহিনি যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তাহলে কমেন্টে একবার অবশ্যই জয়শ্রীকৃষ্ণ লিখে যাওয়ার অনুরোধ রইলো।